লিটন হায়দার ও মহসীন উল করিম
ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্ক ভেঙ্গে ফেলার সরকারি নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের হিংসাপ্রসূত বলে অভিযোগ করেছেন পার্কটির মালিক নুরুল ইসলাম বাবুল।
তবে মন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাবুলের বক্তব্যের জবাব দেওয়ার রুচি তার নেই।
রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা গ্র"পের নির্মাণাধীন প্রতিষ্ঠান যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়।
রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা ফিউচার পার্ক রাজউক থেকে মাত্র ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। কিন্তু তারা ভবনটি আরো উঁচু করেছে। তাদের ওই বর্ধিত ও অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে ফেলতে বলা হয়েছে।
১৩ জানুয়ারি প্রথম একটি চিঠিতে ওই স্থাপনার বিষয়ে আপত্তির কথা জানায় রাজউক।
রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা এবং পরিচালক (উন্নয়ন) শেখ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজউক গত সপ্তাহে অনুমোদনবিহীন এবং অবৈধ ভবন ভেঙ্গে ফেলার নীতিগত সিদ্ধান্ত নেয়।
তারা জানান, এ অনুযায়ী রাজধানীতে অনুমোদন বিহীন এবং অবৈধভাবে নির্মিত ভবন এবং ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার জন্য মালিক কর্তৃপক্ষকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই এ চিঠি দেওয়া শুরু হয়েছে। অনেক ভবন মালিককেই এ চিঠি দেওয়া হয়েছে।
যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও বাংলা দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দাবি করেন, "এখানে কোনও অবৈধ অংশ নির্মাণ করা হয়নি। আমাদের সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে বলা হয়েছে সাততলার ওপর যদি কোনও কিছু নির্মাণ করি সেক্ষেত্রে রাজউক তা তত্ত্বাবধান করবে। রাজউকের তত্ত্বাবধানেই নির্মাণ কাজ করেছি।"
তার অভিযোগ, "গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কিছুদিন আগে দুর্নীতির সংবাদ প্রকাশ করার কারণে ব্যক্তিগত হিংসা প্রসূতভাবে গত ১৩ জানুয়ারি যমুনা ফিউচার পার্কের বিষয়ে আমাকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে সাততলার ওপর অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। এ বিষয়ে আমি উচ্চ আদালতে রিট করেছি। আদালত মন্ত্রীসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আর এই কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে যমুনা ফিউচার পার্ক সম্পর্কে এ ধরণের খবর প্রচার করা হচ্ছে।"
রাজধানীর বসুন্ধরা আবসিক এলাকায় ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনার দাবি এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের কাছে বাবুলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যমুনা ফিউচার পার্ককে দেওয়া রাজউকের এ নোটিশের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। সেখানে অবৈধ স্থাপনা না থাকলে ভাঙার কোনও প্রশ্নই উঠতো না। তবে যদি সেখানে কোনও অবৈধ স্থাপনা থাকে তা তিনি যতো বীরই হোন না কেন তা ভাঙা কেউ ঠেকাতে পারবে না।"
মন্ত্রী বলেন, "বাবুল সম্পর্কে কোনও মন্তব্য করার ইচ্ছা বা রুচি আমার নেই। তার জন্ম ও বিকাশ সম্পর্কে দেশের প্রতিটি মানুষ জানে। ব্যাবসায়ী মহলে তিনি কি হিসেবে পরিচিত তাও সবার জানা। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/জিএমএ/জিএনএ/১৯৪৪ ঘ.
bdnews24