২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা সফলভাবে শেষ করতে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ইজতেমা মাঠে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৮ হাজার সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

গাজীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা সফলভাবে শেষ করতে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ইজতেমা মাঠে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৮ হাজার সদস্য। রোববার দুপুরে টঙ্গী পৌরসভা মিলনায়তনে ইজতেমার সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। আগামী ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের অন্যতম বড় সম্মিলন বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিশ্ব ইজতেমা সফলভাবে শেষ করার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, "জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা প্রস্তুত রয়েছে।" তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্কভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা: ইজতেমা উপলক্ষে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো জঙ্গি দেশে ঢুকতে না পারে সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দান ও এর প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। থাকবে পর্যক্ষেণ টাওয়ার। আকাশে থাকবে র‌্যাবের হেলিকপ্টার টহল। তবে তাবলীগের শীর্ষ মুরুব্বি মো. এরশাদুল হক ডগস্কোয়াড মোতায়েন এবং সিসি ক্যামেরায় ছবি ধারণ না করার অনুরোধ জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতে পারলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।" পানি সরবরাহসহ অন্যান প্রস্তুতি: ইজতেমা মাঠে ১১টি গভীর নলকূপ ২২ ঘণ্টা চালু থাকবে। প্রতিদিন সরবরাহ করা হবে দুই লাখ ৫০ হাজার গ্যালন পানি। পাশাপাশি এক লাখ গ্যালন সংরক্ষিত থাকবে রিজার্ভ ট্যাংকে। মঙ্গলবার থেকে মশক নিধন কার্যক্রম শুরু হবে। ইজতেমা চলাকালে মহাসড়কে তিনদিন রিকশা চলাচল এবং টঙ্গীর সিনেমা হলগুলো বন্ধ থাকবে। আশপাশের হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান স্থানীয় বাজার ও দোকানপাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। তিনি জানান, সম্পূর্ণ সরকারি সহায়তায় ১৮০০ বান্ডেল ঢেউ টিন দিয়ে উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে থাকছে গরম পানি, গ্যাস, টেলিফোন সংযোগসহ আধুনিক ব্যবস্থা। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বিমুখী সংযোগ লাইন, উচ্চ ক্ষমতার চারটি জেনারেটর থাকবে। যাতায়াত: বিআরটিসির ৫০টি বাস, সদরঘাট থেকে ইজতেমা মাঠ পর্যন্ত শাটল লঞ্চ চলাচল করবে। আন্তনগর ট্রেনগুলো টঙ্গী জংশনে যাত্রাবিরতি করবে। তুরাগ নদী পারাপারে সেনাবাহিনীর প্রকৌশল কোরের সদস্যরা বৃহস্পতিবার আটটি ভাসমান সেতু স্থাপন করবে। আখেরি মোনাজাতের দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী রেলওয়ে জংশনে কোনো মাইক থাকবে না। মাঠের প্রতি খিত্তায় দুজন করে ফ্যায়ারম্যান থাকবে। গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতিকাজ প্রায় শেষ হয়েছে। তিনি ইজতেমা কাজে সহায়তার জন্য টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনকে এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন। চিকিৎসা সেবা: টঙ্গী মেডিকেলে ৪০টি শয্যা বাড়ানো হবে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ডায়রিয়া, বার্ন, অ্যাজমা, কার্ডিয়াক, অর্থোপেডিক ইউনিট ১৪ ঘণ্টা খোলা থাকবে। রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য ১২টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে ৪২টি চিকিৎসা শিবিরে বিনামূল্যে সেবা দেওয়া হবে। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবাহান শিকদার, র‌্যাবের মহা পরিচালক হাসান মাহমুদ, ঢাকা বিভাগীয় কমিশনার ড. শওকত মাহমুদ, গাজীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.