রাজশাহী, জানুযারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার রাজশাহীতে দু'দিনের বিভাগীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।
নজরুল ইনস্টিটিউটের আয়োজনে সম্মেলনের প্রথম দিনের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নজরুল সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।
দ্বিতীয় পর্বে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ এবং বিকালে নগর ভবনের গ্রিন প্লাজায় ছিল রাজশাহী বিভাগের বিভিন্ন শিল্পীর নজরুল সঙ্গীত পরিবেশন।
সকাল ৯টায় নগরীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নজরুল আমাদের চেতনা এবং প্রেরণার কবি। তার কবিতা ও গান মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে।"
রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, "মুক্তিযুদ্ধসহ যেকোনো ক্রান্তিকালে নজরুল আমাদের প্রেরণার উৎস ছিল। তার কবিতা ও গান সবার চলার পাথেয় করতে হবে।"
নজরুলকে জাতীয় জাগরণের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম বলেন, "একটি আধুনিক বাংলাদেশ গড়তে নজরুলের সৃষ্টিকর্ম আমাদের প্রেরণা জোগাবে।"
তিনি শিশুদের নজরুল চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার সিরাজুল হক, বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঞা, জেলা প্রশাসক শেফাউল করিম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও উপ-পরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বজলার রহমান বাদলসহ অন্য শিল্পীরা নজরুল সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
দ্বিতীয় পর্বে নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক খালিদ হোসেন ও লীনা তাপসী খান শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ দেন।
বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী বিভাগের ৫৪ জন শিল্পী নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় দিন সকালে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে 'স্বাধীনতার কবি নজরুল' শীর্ষক আলোচনা সভা, স্বরলিপি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯২৮ সালের ১৬ ডিসেম্বর মুসলিম ক্লাবের বার্ষিক সম্মেলনে যোগ দিতে নজরুল রাজশাহীতে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩৫ ঘ.
bdnews24