২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পানি বণ্টন ইস্যুতে আঞ্চলিক তথ্য আদান-প্রদান জরুরি'

অভিন্ন নদীর পানি বণ্টন এবং বাঁধ নির্মাণ ইস্যুতে দ্বন্দ্ব নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করে পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলেছেন, এজন্য আঞ্চলিক পর্যায়ে তথ্য আদান-প্রদান জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 06:25 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিন্ন নদীর পানি বণ্টন এবং বাঁধ নির্মাণ ইস্যুতে দ্বন্দ্ব নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করে পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলেছেন, এজন্য আঞ্চলিক পর্যায়ে তথ্য আদান-প্রদান জরুরি। পাশাপাশি এ উপমহাদেশের অধিবাসীদের জন্য পানি সঙ্কটকে অন্যতম একটি ইস্যু হিসেবেও বর্ণনা করেন তারা। শনিবার 'পানি নিরাপত্তা: উপ-আঞ্চলিক সহযোগিতায় হিমালয়' শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তরা এ অভিমত দেন। সেমিনারে অংশ নেওয়া বেশিরভাগ বক্তা আঞ্চলিক পানি সমস্যা সমাধানে তথ্য এবং প্রযুক্তিগত যোগাযোগ বৃদ্ধির বিষয়টিতে গুরুত্বারোপ করেন। ভারতভিত্তিক ভূ-রাজনৈতিক গবেষণা সংস্থা স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্র"প (এসএফজি)-র সভাপতি সুনিদীপ ওয়াসলেকার বলেন, হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর প্রভাবে এ অঞ্চল বিশেষ করে বাংলাদেশ ও নেপাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। "গরিব মানুষ এর প্রত্যক্ষ প্রভাবের শিকার হলেও এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আসে শীর্ষস্থানীয় নীতিনির্ধারকদের কাছ থেকে", বলেন তিনি। ঢাকায় শেরাটন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি (বিআইপিএসএস) ও এসএফজি যৌথভাগে এ সেমিনারের আয়োজন করে। চীন, ভারত, নেপাল ও বাংলাদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেন। সেমিনারে তথ্য যোগাযোগ বৃদ্ধি, জলবিদ্যুৎ, ট্র্যানজিটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিআইপিএসএস এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনিরুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন, "পানি সমস্যা সমাধান করা গেলে আমরা আমাদের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যত গড়ে তুলতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এসকে/২৩৫৫ঘ.