জামালপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে বিএনপি ও ছাত্রদলের হামলায় জেলা শ্রমিকদলের বর্ধিত সভা পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে।
শিল্পকলা একাডেমীতে শনিবার শ্রমিকদলের এই বর্ধিত সভায় ভাংচুরের ঘটনাও ঘটে।
জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল জব্বার বাবলু সাংবাদিকদের বলেন, সভা শুরু হলে দুপুর সাড়ে ১২টায় শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব ও ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে একদল ক্যাডার সভাস্থলে হামলা ও ভাংচুর করে।
এ সময় কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সম্পাদক আবুল খায়ের খাজা, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা মোহন ও মনজুরুল ইসলামসহ নেতা-কর্মীরা সভাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
এদিকে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক দলের অভ্যন্তরীণ কোন্দলে চেয়ার-টেবিল ভাংচুর ও সভা পণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24