মানিকগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেড ক্রিসেন্টের মানিকগঞ্জ শাখার নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মানিকগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
স্থগিত হয়েছে শনিবারের ওই নির্বাচনও।
মানিকগঞ্জ সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকাল ৮টা থেকে ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম ও স্থানীয় সাংসদ জাহিদ মালেক স্বপন সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। দুই পক্ষের মধ্যে শুক্রবার রাতে সমঝোতা বৈঠকত হলেও তা ভেস্তে গেলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট দীপক ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমঝোতা না হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24