২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে জেলে নিহত

সাগরে একই স্থানে জাল ফেলা নিয়ে দুই দল জেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 07:11 AM

Updated : 24 Aug 2022, 06:12 PM

বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে একই স্থানে জাল ফেলা নিয়ে দুই দল জেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জেলে কালিপদ মণ্ডলের (৪২) লাশ শনিবার ভোরে তার সহযোগীরা বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসেন। তারা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বড় শেলার চর এলাকায় কালিপদ নিহত হন। কালিপদ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের নবকুমার মণ্ডলের ছেলে। সংঘর্ষে দুই জেলে আহত হন। তারা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের শহীদুল হোসেন ফকির (৩২) এবং খুলনার কয়রা উপজেলার হরিহর নগর গ্রামের নেকবর গাজী (৩০)। তাদের খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিপদের ট্রলার মালিক সামছুর রহমান ফকির সাংবাদিকদের বলেন, তার ট্রলারের জেলেরা বড় শেলার চরে জাল ফেলে মাছ ধরছিল। পিরোজপুর জেলার নূর ইসলাম, হানিফ শেখ, সোহরাব গাজী ও শাহীনুর গাজীদের মাছ ধরার ট্রলারটি একই স্থানে জাল ফেললে কালিপদরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিরোজপুরের জেলে দলটি লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায় এবং কালিপদকে পিটিয়ে হত্যা করে। শরণখোলা থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, কালিপদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। এ ঘটনায় ট্রলার মালিক সামছুর রহমান ফকির শরণখোলা থানায় একটি মামলা করেছেন। মামলায় পিরোজপুরের নূর ইসলাম, হানিফ শেখ, সোহরাব গাজী ও শাহীনুর গাজীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসআই ইকবাল আরো জানান, শনিবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের পর কালিপদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৭৫৪ ঘ.