শরীয়তপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে শুক্রবার রাতে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে একদল দুস্কৃতকারী।
এ সময় তাদের গুলিতে আরো তিনজন আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক আব্দুস সামাদের বাড়ি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সন্তেষপুর গ্রামে।
আহত রহিম পেদা (৪০), ওয়াজেদ শীল (৩৫) ও সেলিম ফকিরের (৪৫) বাড়ি একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে।
পালং থানার (সদর) ওসি রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রপুর ইউনিয়নের লক্ষ্মীর মোড়ে একটি ক্লাবঘরে স্থানীয়দের নিয়ে সালিশ বৈঠক করছিলেন সামাদ মাস্টার। হঠাৎ ৪-৫ জন দুস্কৃতকারী এসে তাকে লক্ষ করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
পালং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের এবং নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যা করে যাওয়ার সময় দুস্কৃতকারীরা বলে যায়- আমরা পূর্ব বাংলার সর্বহারা পার্টির লোক। কেউ কোনো সাড়াশব্দ করবি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২২০ ঘ.
bdnews24