গোপালগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ছাত্র-শ্রমিক সংঘর্ষের জেরে চলমান বাস ধর্মঘট ও অবরোধ শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সকাল থেকে বাস স্বভাবিক বাস চলাচল করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক ও জেলা প্রশাসনের মধ্যে আলোচনা শেষে রাত সাড়ে ৮টার দিকে এ সিদ্ধন্ত হয় বলে সভা শেষে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান।
তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা থেকে চলা বৈঠকে ছাত্র ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় শ্রমিকরা ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করে নেয়। আটক দুই শ্রকিকে রাতে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে শুক্রবার ভোর থেকে শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম ও পুলিশ লাইন মোড়ে প্রতিবন্ধকতা দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়। এতে সড়কের দু'পাশে বহু যানবাহন আটকা পড়ে।
মহাসড়ক থেকে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেয়। তবে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ রাখে। গোপালগঞ্জ থেকে ঢাকা, খুলনাসহ দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রদের সঙ্গে মোটর শ্রমিকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ সময় ১৫টি যানবাহন ভাংচুর হয়।
এ ঘটনায় পুলিশ হোসেন শেখ ও হানিফ মোল্লা নামে দুই মোটর শ্রমিককে গ্রেপ্তার করে।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম শেখ বলেন, শ্রমিকদের মুক্তির দাবিতে এবং যানবাহন ভাংচুরের প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়ন অবরোধ শুরু করলে বৃহস্পতিবার গভীর রাতে শ্রমিকদের ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু গ্রেপ্তারকৃতদের রাতে মুক্তি না দেওয়ায় শ্রমিকরা শুক্রবারও অভ্যন্তরীণ রুটে ধর্মঘট ও মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24