নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুরির অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে একটি ক্যাবল কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।
জেলার সদর উপজেলার ফতুল্লার পিঠালীপুল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাত ঘণ্টা কারখানা অবরোধ করে রাখে।
কারখানায় অবস্থান নিয়ে তারা দুই শ্রমিককে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেয়। মারধর করে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলামকে।
পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি প্যারাডাইস ক্যাবলস কারখানার কর্মকর্তারা ৪৫ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচ টন তামার তার চুরির ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা করেন।
পুলিশ চুরির সঙ্গে জড়িত অভিযোগে মঙ্গলবার অপারেটর জাকির ও সহকারী স্টোরকিপার রাজকুমারকে গ্রেপ্তার করে। পরদিন পাঁচদিন হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় পুলিশ।
কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম চুরির ঘটনা সর্ম্পকে তারা কিছুই জানে না এই মর্মে শ্রমিকদের কাগজে স্বাক্ষর দিতে বলেন।
সকাল ৮টার দিকে এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। হামলা চালায় তার উপর। মাথা ফাটিয়ে দেয় তার। শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে শুরু করে।
খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু শ্রমিকরা তাদের কারখানায় ঢুকতে দেননি।
পুলিশ জানায়, আগামী ২/৩ দিনের মধ্যে শ্রমিকদের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মালিকপক্ষ। এছাড়া পুলিশ যাতে নিরীহ শ্রমিকদের হয়রানি না করে সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বিকাল ৩টায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেয়।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কারখানার গুদামে মাল রাখা ও বের করার সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরীহ দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা
bdnews24