২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ও সেন্টমার্টিনে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার আয়োজন

বলয়গ্রাস সূর্যগ্রহণ শুক্রবার। দুপুর পৌনে ১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১ মিনিটে তা শেষ হবে। কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ ছাড়া দেশের অন্য কোথাও থেকে সূর্যগ্রহণ পুরোপুরি দেখা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 12:47 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

কক্সবাজার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলয়গ্রাস সূর্যগ্রহণ শুক্রবার। দুপুর পৌনে ১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১ মিনিটে তা শেষ হবে। কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ ছাড়া দেশের অন্য কোথাও থেকে সূর্যগ্রহণ পুরোপুরি দেখা যাবে না। বিজ্ঞান বিষয়ক সংগঠন অনুসন্ধিৎসু চক্র বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা (বেনু) জানান, এবারের বলয়গ্রাস গ্রহণ পথের বিস্তৃতি হবে ৩০০ কিলোমিটারের মতো যা পৃথিবীর প্রায় অর্ধেক অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তিনি বলেন, "বলয়গ্রাস সূর্যগ্রহণ শিশু-কিশোর-বৃদ্ধ বয়স নির্বিশেষে সবার জন্যই এক বিস্ময়কর অভিজ্ঞতা।" পরবর্তী বলয়গ্রাস সূর্যগ্রহণ ২০৬৪ সালে দেখা যাবে, জানান শাহজাহান মৃধা। অনুসন্ধিৎসু চক্র'র সাবেক সভাপতি ও জ্যোতির্বিজ্ঞানী ড. এ আর খান জানান, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বেলা ২টা ৩০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস বলয়গ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য কক্সবাজার ও সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ ছাড়াও সারাদেশে ২০টির বেশি ক্যাম্প করেছে চক্র। সংগঠনের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ক্যাম্পটি হবে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি স্থাপন করা হবে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে। ঢাকায় চক্রের কেন্দ্রীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা কেন্দ্রের মাঠে। এসব ক্যাম্পেও সোলারস্কোপ, প্রজেকশন টেলিস্কোপ, সোলার ফিল্টার, প্রজেক্টর ইত্যাদির মাধ্যমে সূর্যগ্রহণ দেখানো হবে। চক্রের সদস্য নাসার সাবেক বিজ্ঞানী ড. দীপেন ভট্টাচার্য জানান, কক্সবাজার সমুদ্র সৈকতে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য ৫০টি প্রজেকশন টেলিস্কোপ, দেশের সবচেয়ে বড় ৮ ইঞ্চি প্রতিসরণ টেলিস্কোপসহ নানা সরঞ্জাম ব্যবহার, এলসিডি প্রজেক্টর স্থাপন ও সাধারণের জন্য ১৫ হাজার সোলার ফিল্টার সরবরাহ করা হবে। সাবধানতা সংবাদ সম্মেলনে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ সম্পর্কে কিছু সাবধানতার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সূর্যগ্রহণ পর্যবেক্ষণে এক্স-রে ফিল্ম, সাধারণ কালো কাঁচ, ঘোলা কাঁচ, রঙিন পলিথিন, ফ্লপি ডিস্ক, সানগ্লাস, ভিডিও ক্যাসেটের ফিতা বা কোন ধরনের ফিল্ম ব্যবহার করা যাবে না। কোন অবস্থায়ই দূরবীন, টেলিস্কোপ বা কোন ধরণের লেন্স দিয়ে সরাসরি সূর্যগ্রহণ দেখা যাবে না। এতে তাৎক্ষণিকভাবে চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮৩১ ঘ.