ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি ছাড়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগে গাজীপুরে একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি গুদামসহ সিলগালা করে দেওয়া হয়েছে।
নোংরা পরিবেশ এবং পচা-বাসী খাবার পরিবেশনের অভিযোগে সিলেটে পাঁচটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এদিকে নীলফামারীতে ভেজাল হলুদের গুঁড়া তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: বিএসটিআই'র সহকারী পরিচালক কে এম হানিফ সাংবাদিকদের জানান, অনুমতি ছাড়া সংস্থার মনোগ্রাম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অপরাধে টঙ্গী এলাকার শাপলা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি মাদার ব্র্যান্ডের লাচ্চা সেমাই, নুডলস্, লজেন্স, এডিবল (লিচি) জেলি ও কোমল পানীয় উৎপাদন ও বিপণন করে আসছিল।
তিনি জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
এসময় বিএসটিআই'র অপর সহকারী পরিচালক এস এম আবু সাইদ, পরিদর্শক পূজন কর্মকার ও তিনি উপস্থিত ছিলেন। তাদের সহায়তা দেন টঙ্গী থানা পুলিশ।
সিলেট: নগরীর বন্দরবাজার, সোবহানীঘাট, মেন্দিভাগ এলাকার পাঁচটি রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও বিএসটিআই'র মাঠ কর্মকর্তা নূর মোহাম্মদ মোস্তফার নেতৃত্ব এ অভিযান চলানো হয়।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সাংবাদিকদের জানান, এসব রেস্টুরেন্টে পচা ও বাসী খাবার পরিবেশন করা হচ্ছিলো। যা জনস্বাস্থের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি বলেন, রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে মামলা করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে বন্দর বাজারের দিলখোস রেস্টুরেন্টকে ১০ হাজার, সোবহানীঘাটের জোনাকী রেস্টুরেন্টকে ১৫ হাজার ও করাচী রেস্টুরেন্টকে ৫ হাজার, মেন্দিবাগের প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ২০ হাজার ও ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নীলফামারী: জেলার সৈয়দপুর সদরে ভেজাল হলুদের গুঁড়া তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
কারখানাটির মালিক সৈয়দপুর পৌর বিএনপি পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২)।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, সদরের শেরে বাংলা সড়কের কারখানাটিতে দীর্ঘদিন ধরে ভেজাল হলুদের গুঁড়া তৈরি হচিছল। চালের কুড়ার সঙ্গে রং মিশিয়ে তৈরি করা হলুদ নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হতো।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সাত বস্তা ধানের কুড়া, তিন বস্তা হলুদ ও এক কৌটা রং।
কারখানার মালিক আকতার হোসেন পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24