অযোগ্য কোম্পানিকেই শেষ পর্যন্ত পাসপোর্ট তৈরির কাজ দিচ্ছে সরকার। এর পরিপ্রেক্ষিতে আমাদের আর্কাইভ থেকে এর আগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে দেওয়া হলো।
লিটন হায়দার, বিডিনিউজ টোয়েন্টিফোর জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একবার বাতিল করেও অজ্ঞাত কারণে আবারো মালয়েশিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠানকে যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট তৈরির কাজ দিতে সুপারিশ করেছে এ সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজ করতে ব্যর্থ প্রমাণিত আরেকটি প্রতিষ্ঠানের সহযোগীকেও একই কাজ দেওয়ার পরামর্শের 'যথাযথ' কারণ জানা যায়নি।
প্রথম দফায় সুপারিশ করে দ্বিতীয় দফায় তা বাতিল করে আবারো মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশন বারহাডকে কেনো তৃতীয় দফায় কাজ দিতে সুপারিশ করা হলো- তা জানতে চাইলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি)'র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানিটি তুরস্কে কালো তালিকাভুক্ত হয়নি বলে প্রমাণ পাওয়ার পরই তারা আবার কাজ দিতে বলেছেন।
২০ ডিসেম্বর মূল্যায়ন কমিটি সর্বশেষ প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
২৩ নভেম্বর কমিটি প্রথম প্রতিবেদনে কমিটি আইআরআইএস কর্পোরেশন বারহাড ও ফ্লোরা টেলিকম লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে এমআরপি ও এমআরভি প্রকল্পের কাজ দিতে সুপারিশ করে।
৪ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এক অনুসন্ধানে এ ধরনের কাজে প্রতিষ্ঠান দুটির অতীত ব্যর্থতা প্রকাশ্য করে।
কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে যোগ্য বলে মূল্যায়ন কমিটির কাছে যোগ্য বিবেচিত 'আইআরআইএস' তুরস্কে এবং ফ্লোরা টেলিকম লিমিটেড'র সহযোগী প্রতিষ্ঠান পাটিমাস বাংলাদেশ ব্যাংকে কালো তালিকাভুক্ত।
'আইআরআইএস' তুরস্কের ই-পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সকল সরকারি কাজে অংশ নেওয়া থেকে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে।
আন্তঃ ব্যাংক লেনদেনের কাজ বিষয়ক একটি প্রকল্পের অধীনে নির্দেশিত সফটওয়্যার তৈরির কাজে ব্যর্থ হওয়ায় পাটিমাসকে কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংক।
৮ ডিসেম্বর দ্বিতীয় প্রতিবেদনে মূল্যায়ন কমিটি আইআরআইএস'কে বাদ দিয়ে শুধু ফ্লোরাকে কার্যাদেশ দিতে বলে।
জেনারেল রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইআরআইএস এর সেসময় নিজেদেরকে তুরস্কে কালো তালিকাভুক্ত হয়নি দাবি করে নথিপত্র দাখিল করে। নথিপত্র পরীক্ষা করে আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হলে আমরা তৃতীয় ও সর্বশেষ প্রতিবেদনে আবার তাদের সংযুক্ত করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, তুরস্কে নিষিদ্ধ আইআরআইএস টেকনোলজি লিমিটেড ও বাংলাদেশে দরপত্রে অংশগ্রহণকারী আইআরআইএস কর্পোরেশন বারহেড কার্যত একই প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানেরই ঠিকানা একই।
বিপুল অংকের জরুরি এই কাজ করার বিষয়ে প্রতিষ্ঠান দুটির যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে সংশয়ের আভাসও মেলে প্রকল্প পরিচালকের কন্ঠে।
তিনি বলেন, "তারা কিছু কারিগরি শর্ত যথাযথভাবে পূরণ না করলে এগুলো 'সংশোধনযোগ্য'।"
জেনারেল রেফায়েত আরো বলেন, "আমাদের মূল্যায়ন কাজ শেষ, এখন দায়িত্ব মন্ত্রণালয়ের। সরকার যে প্রতিষ্ঠানকে কাজ করার সুযোগ দেবে সেই প্রতিষ্ঠানকেই আমরা সহায়তা করবো।"
তিনি জানান, কোনো কারণে সুপারিশকৃত দু'টি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে অনাগ্রহী হলে নতুন করে দরপত্র আহবান না করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)'র বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দরের দিক থেকে ক্রমানুসারে পরের দু'টি প্রতিষ্ঠান ওবারথার টেকনোলজি এবং বিজেএন্ডসি সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডকে পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া যেতে পারে।
এতোসব দেনদরবারে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা করছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, "ডিসেম্বরের শুরুতেই দরদাতাকে কাজ করার অনুমতি না দেওয়ায় যে বিলম্ব হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব। প্রয়োজনে বাড়তি শ্রম দেবো আমরা।"
তবে তার দাবি, নিয়মানুযায়ী কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে।
এদিকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটু বিলম্ব হলেও আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে এমআরপি এবং এমআরভি প্রকল্প বাস্তবায়ন হবে। এখন শুধু আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।"
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করার জন্য সব দেশকে নির্দেশ দেয়। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এমআরপি/এমআরভি ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
এ নির্দেশনার পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশে এমআরপি/এমআরভি চালুর জন্য প্রকল্প গ্রহণ করে। এ বছরের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হবে ২০১৪ সালের জুনে।
এ বছরের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ৩২টি দরপত্র বিক্রি হলেও ২৭ অক্টোবর দরপত্র খোলার পর দেখা যায় বিভিন্ন দেশের আটটি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
কার্যাদেশ পাওয়া কোম্পানি এক বছরের জন্য এমআরপি/এমআরভি প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে। পর্যায়ক্রমে তা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
এ বছরের ১৯ মার্চ একনেক এর একটি সভায় এ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে এক কোটি ৭৪ লাখ সাধারণ পাসপোর্ট ও ১০ লাখ জরুরি পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি টাকা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের কাজ শুরু হলে পুরোনো পদ্ধতিতে আর পাসপোর্ট ইস্যু করা হবে না। তবে এই সময়ের মধ্যে যারা হাতে লেখা (ম্যানুয়েল) পাসপোর্ট বহন করবে এবং মেয়াদ থাকবে তাদের কোনো অসুবিধা হবে না।
দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ ম্যানুয়েল পাসপোর্টধারী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১১২০ ঘ.
bdnews24