২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অযোগ্য' কোম্পানিই এমআরপি-র কাজ পাচ্ছে

বিদেশে অযোগ্যতার কারণে কালো তালিকাভুক্ত মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশনকেই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে অযোগ্যতার কারণে কালো তালিকাভুক্ত মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশনকেই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ দিয়েছে সরকার। বৃহস্পতিবার ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ বিষয়টির অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো. নুর-উর-রহমান। (বিস্তারিত) তুরস্কের ই-পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সব সরকারি কাজে অংশ নেওয়া থেকে আইআরআইএসকে নিষিদ্ধ করে। মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো. নুর-উর-রহমান বলেন, "আগামী ৩ বছরে তিন দফায় ৬৬ লাখ যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সরবরাহ করবে আইআরআইএস। প্রতি দফায় ২২ লাখ করে সরবরাহ করবে তারা।" 'ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫২৬ কোটি ১৪ লাখ টাকা। এর আগে একবার বাতিল করেও অজ্ঞাত কারণে আইআরআইএস কর্পোরেশন বারহাডকে এমআরপি তৈরির কাজ দিতে সুপারিশ করে এ সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটি। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ নিয়ে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম সুপারিশের পর দ্বিতীয় দফায় তা বাতিল করে আবারো আইআরআইএসকে কেন তৃতীয় দফায় কাজ দিতে সুপারিশ করা হলো- তা জানতে চাইলে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বলেছিলেন, কোম্পানিটি তুরস্কে কালো তালিকাভুক্ত হয়নি বলে 'প্রমাণ পাওয়ার পরই' তারা আবার কাজ দিতে বলেছেন। জেনারেল রেফায়েত বলেন, "আইআরআইএস এর সেসময় তারা তুরস্কে কালো তালিকাভুক্ত হয়নি দাবি করে নথিপত্র দাখিল করে। নথিপত্র পরীক্ষা করে আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হলে আমরা তৃতীয় ও সর্বশেষ প্রতিবেদনে আবার তাদের সংযুক্ত করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, তুরস্কে নিষিদ্ধ আইআরআইএস টেকনোলজি লিমিটেড ও বাংলাদেশে দরপত্রে অংশগ্রহণকারী আইআরআইএস কর্পোরেশন বারহেড কার্যত একই প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানেরই ঠিকানা এক। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করার জন্য সব দেশকে নির্দেশ দিয়েছে। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এমআরপি/এমআরভি ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের কাজ শুরু হলে পুরোনো পদ্ধতিতে আর পাসপোর্ট ইস্যু করা হবে না। তবে এই সময়ের মধ্যে যারা হাতে লেখা (ম্যানুয়েল) পাসপোর্ট বহন করবে এবং মেয়াদ থাকবে তাদের কোনো অসুবিধা হবে না। দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ ম্যানুয়েল পাসপোর্টধারী রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯০২ঘ.