ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ৬ জন কর্মকর্তাই সুস্থ ও নিরাপদে রয়েছেন।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় গুঁড়িয়ে যায় হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স। ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের পর ওই ছয় কর্মকর্তার অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলো পুলিশ সদর দপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিতে অবস্থানরত ওই ছয় পুলিশ কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে পাঠানো ই-মেইল বার্তায় তাদের সুস্থতার বিষয় নিশ্চিত করেছেন।
হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী পুলিশ কর্মকর্তাদের মধ্যে পরিদর্শক খন্দকার হোসাইন আহমেদ, পরিদর্শক আবু বকর, পরিদর্শক শাহ কবির ও সার্জেন্ট মাবিয়ান মিয়া হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে এবং পরিদর্শক কায়সার আলী ও উপ-পরিদর্শক আবু এসএম কামরুল আহসান মায়ারাবালাইস- এ রয়েছেন।
এদিকে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, হাইতিতে কর্মরত খান এইচ আবেদীন নামে একজন এক বেসামরিক বাংলাদেশি ভূমিকম্পে আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৬২৩ ঘ.
bdnews24