ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার বিকালে ছাড়া পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের। তবে অবস্থান ছাড়ার সময় কর্মচারীরা ঘোষণা দিয়েছে পরবর্তী কার্য দিবসেও তারা অবরোধ করবে।
কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বুধবারের পর বৃহস্পতিবার সকালেও একদল কর্মচারী পরিচালককের কক্ষের সামনে অবস্থান নেয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেক।
ফলে সকাল ১১টা থেকে পরিচালক কক্ষ থেকে বের হতে পারেননি। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আবু ইউসুফ হায়দারসহ অপর এক চিকিৎসক পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে কর্মচারীরা তাদের ধাওয়া করে।
এরপর দুপুর ১টার দিকে মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে প্রায় ১২/১৫ জন ছাত্র পরিচালকের সঙ্গে দেখা করে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এরপর শতাধিক কর্মচারী কলেজ ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হৈ-হট্টগোলে চিকিৎসা নিতে আসা রোগীদেরও ভোগান্তিতে পড়তে হয়।
ছাত্র ও কর্মচারীদের সংঘাতের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে পরিচালকের কার্যালয়ের সামনে থেকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা পরবর্তী দিনও তাদের কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে হামলাকারী কর্মচারীদের শাস্তির দাবি জানিয়ে ছাত্ররা বলেছে, বিচার না হলে তারাও আন্দোলনের কর্মসূচি দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24