নাটোর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোরে অর্ধদিবস হরতাল পালিত হয়।
'গ্যাস সরবরাহ আন্দোলন কমিটি' নামে স্থানীয় একটি নাগরিক কমিটি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দেয়।
হরতালের সময়ে জেলা শহরে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিলো। ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালতও স্থবির হয়ে পড়ে।
গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেমের নেতৃত্বে আন্দোলনকারীরা খণ্ড খণ্ড মিছিল করে জেলা শহরে। তবে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের পর শহরের কানাইখালি এলাকায় একটি সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১০২ ঘ.
bdnews24