রাজশাহী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমান আদালতের শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে রাজশাহীর সব রুটে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
আদালতের বিরুদ্ধে বাস শ্রমিকদের হয়রানি করার অভিযোগ তুলে জেলা সড়ক পরিবহন গ্র"প, মটর শ্রমিক ইউনিয়ন এবং দূর পাল্লার মটর শ্রমিক সমিতি সম্মিলিতভাবে এ ধর্মঘট ডেকেছে।
নগরীর শিরোইলে মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সভার পর রাত সাড়ে ১১ টার দিকে উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্র"পের প্রচার সম্পাদক এবং রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্র"পের যুগ্ম-সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিচয়পত্র না থাকায় গ্রেপ্তার তিনজনের নিঃশর্ত মুক্তি এবং হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তবে দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানান তিনি।
মঞ্জুর বলেন, বিকেলে নগরীর বিনোদপুরে ভ্রাম্যমান আদালত ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস, মডার্ন এন্টার প্রাইজ ও গ্রীন লাইনসহ বেশ কিছু বাসে তল্লাশি চালায়। আদালত মডার্ন এন্টারপ্রাইজের একটি বাস থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করে। পরিচয়পত্র না থাকায় ন্যাশনালের সুপারভাইজার আলমগীর ও সাইফুল ইসলাম এবং গ্রীন লাইনের সুপারভাইজার শফিককে দুইশ' টাকা করে জরিমানা করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০১০০ঘ.
bdnews24