গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। শেষ হবে ২১ জানুয়ারি।
বৃহস্পতিবার দেশ বিদেশের স্কাউটদের রিপোর্ট করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
তবে শনিবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমস্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিবরণ দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মো. তৌফিক আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাম্বুরির কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে সড়ক ও রেল বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানকে সভাপতি করে ৬৫ সদস্যের সাংগঠনিক কমিটি এবং কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
জাম্বুরিতে দেশ বিদেশের ১৫ হাজার স্কাউট অংশ নেবে। এর মধ্যে রয়েছে ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের স্বেচ্ছাসেবক রোভার, স্কাউট ও স্কাউট কর্মকর্তারা।
জাম্বুরি কর্মসূচিতে পাঁচটি ভিলেজ, ১৫টি সাব ক্যাম্প ও ১৪টি চ্যালেঞ্জ থাকছে।
চ্যালেঞ্জগুলো হলো- বিকাশ, তাঁবু সাজাই, ধীমান, অভিযাত্রা, বিশ্বায়ন, আনন্দ শিখি, বন্ধুর পথ, সমাজ চেতনা, বন্ধু ও পড়শী, স্বপ্ন, কারিগর, কুশলী, আমার লক্ষ্য ও তাঁবু জলসা।
আগামী ২১ জানুয়ারি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় গাজীপুর জেলা প্রশাসক মো. কামল উদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. দেলওয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. লিয়াকত হোসেন ভূঞা, স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, আরেফিন শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.
bdnews24