মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরীতে বুধবার বিকালে মাটিভর্তি একটি ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আলী হোসেন (৪০) নামের ওই শ্রমিক কিশোরগঞ্জের বাজিতপুরের উপজেলার আফতাব উদ্দিনের ছেলে।
ট্রলারটি ১২ জন শ্রমিকসহ সোনারগাঁ থেকে মাটি নিয়ে বক্তাবলী যাচ্ছিল। ডুবে যাওয়ার পর ১১ জনকে আশপাশের নৌযান এসে উদ্ধার করে বলে জেলা প্রশাসন জানায়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল ইসলাম রাত ৯টায় বলেন, বিকাল ৪টার দিকে একটি লঞ্চ পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট ঢেউয়ে অতিরিক্ত মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়।
দমকল বাহিনী ডুবে যাওয়া ট্রলারে তল্লাশি করে আলী হোসেনের সন্ধান পায়নি বলে তিনি জানান।
এদিকে সকাল ৮টার দিকে হাজী ইসমাইল নামের ক্লিংকার ভর্তি একটি বালগেট (মালবাহী নৌকা) ১২ শ্রমিকসহ গজারিয়া উপজেলার চরবলাকির কাছে মেঘনায় ডুবে গেছে।
তবে তাদের সকলেই কূলে উঠতে পেরেছে বলে গজারিয়া ওসি একএম শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, বালু ভর্তি বালগেট মেহেদী হাসানের মুখামুখি সংঘর্ষে সিলেট থেকে আসা হাজী ইসমাইলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাজী ইসমাইল তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.
bdnews24