২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানি হত্যার বিচারসহ সাত দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতা রেজানুর রহমান সানি হত্যাকারীদের বিচারসহ সাত দফা দাবিতে বুধবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:22 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতা রেজানুর রহমান সানি হত্যাকারীদের বিচারসহ সাত দফা দাবিতে বুধবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন হয়। কর্মসূচি শেষে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, "ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এত বড় একটি অঘটন ঘটালেও সরকার কেবল একটি বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। সরকারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত আহতদের দেখতেও যায়নি।" এ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে বলে অভিযোগ করেন সুজন। আসামিদের রক্ষার চেষ্টা এবং ছাত্রমৈত্রী নেতাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে রাজপাড়া থানার ওসি আফজাল হোসেনের পদত্যাগ দাবি করেন তিনি। সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সমাবেশে বক্তব্য দেন। সানি হত্যার প্রতিবাদে গত ১১ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে সাত দফা দাবি এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ছাত্রমৈত্রী। দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, ২১ জানুয়ারি ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেলা ও থানায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। গত ৭ জানুয়ারি ছাত্রলীগের হামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রী সহ-সভাপতি সানি নিহত হন। এছাড়া সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল ও আরেক সহ-সভাপতি শেরাফত আলী ওরফে বুলবুল গুরুতর আহত হন। এ ঘটনায় সেদিনই ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২২৪৪ঘ.