মৌলভীবাজার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ আবার চালু হয়েছে।
সিলেট ও মোগলাবাজার রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী ট্রেনের বগি বিকল হয়ে বুধবার বেলা ২টার দিকে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার কাজ শেষে রাত ৮টা ৪০ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বেলা দেড়টায় মোগলাবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে আসার কিছুক্ষণ পর একটি বগি থেকে 'হ্যাঙ্গার আইভোল্ট' নামের একটি যন্ত্রাংশ ভেঙে পড়ে যায়। এতে ট্রেনটি সেখানেই অচল হয়ে থাকে।
সিলেট থেকে ৩টায় একটি উদ্ধারকারী ট্রেন এসে মেরামত কাজ শেষ করে রাত ৮টা ৪০ মিনিটে।
তিনি বলেন, ট্রেন বিকল হওয়ায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছিল। উদ্ধার কাজ শেষে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24