২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবি

শ্রম আইন সংশোধিত আকারে সংসদে পাসের মাধ্যমে শিল্প মালিকদের অপরাধের সাজার মাত্রা কমানো হয়েছে অভিযোগ করে দুটি সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 08:42 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম আইন সংশোধিত আকারে সংসদে পাসের মাধ্যমে শিল্প মালিকদের অপরাধের সাজার মাত্রা কমানো হয়েছে অভিযোগ করে দুটি সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন শ্রম আইনের ৩০৬ ও ৩০৭ ধারা সংশোধনী বাতিলের দাবি জানান। তিনি বলেন, ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করে নতুন আইনের ৩০৬ ধারায় কারাদণ্ডের বিধান অর্ধেক করে তিন মাস করা হয়েছে। ৩০৭ ধারায় কারাদণ্ডের বিধান বাতিল করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। "এতে মালিকদের আইন লঙ্ঘনে উৎসাহিত করা হয়েছে। শ্রমিকদের কোনো লাভই হবে না।" বর্তমান সংসদে ৩০ জন পোশাক শিল্প মালিক রয়েছেন জানিয়ে ফেডারেশন বলছে, তাদের 'স্বার্থ রক্ষায়' এ আইনে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন কারখানায় শ্রম আইন লঙ্ঘনের তুলনামূলক চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি শ্রম আদালতে ৭ হাজার ৮৪৯টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে মাত্র ৪১টি মামলা মালিকদের পক্ষ থেকে দায়ের করা। বাকি সাত হাজার ৮০৮টি মামলাই শ্রমিকদের দায়ের করা। আমিরুল হক বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং, ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, শ্রম আইনের অসঙ্গতি দূর এবং শিশুবান্ধব শ্রম আইন প্রণয়নের যে অঙ্গীকার করেছিল, তার কোনোটিই এখনো বাস্তবায়িত হয়নি। তবে সরকার এগুলো বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, নেতা ফারুক খান, নুরুন নাহার, সুলতানা আক্তার, আরজুয়ারা বেগম, আরিফা আকতার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪৩০ ঘ.