২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা কার্যালয়ে তালা

প্রশিকার কর্তৃত্ব নিয়ে রেশারেশির পর দুই পক্ষকে মিরপুরে বেসরকারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে বের করে দিয়েছে পুলিশ। বুধবার সকাল থেকে ভবনটির প্রধান ফটকে তালা ঝুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 08:15 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকার কর্তৃত্ব নিয়ে রেশারেশির পর দুই পক্ষকে মিরপুরে বেসরকারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে বের করে দিয়েছে পুলিশ। বুধবার সকাল থেকে ভবনটির প্রধান ফটকে তালা ঝুলছে। বর্তমান পরিচালনা পর্ষদের সমর্থকদের বের করে দিয়ে মঙ্গলবার ভোররাতে কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছিলো প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা চলতে থাকে। বুধবার সকালে পুলিশ গিয়ে কাজী ফারুকের সমর্থকদের বের করে দেয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার আকবর আলী সাংবাদিকদের বলেন, "প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এখন পুলিশের হেফাজতে থাকবে। সরকারের উচ্চ পর্যায় বা আদালতে যাদের অনুকূলে রায় দেবে তখন তারা ঢুকতে পারবেন। তার আগে কোনো পক্ষকে ঢুকতে দেওয়া হবে না।" প্রধান ফটকে তালা ঝুললেও কাজী ফারুক সমর্থক এবং বর্তমান পরিচালনা পর্সদের সমর্থকরা মিরপুর ২ নম্বরে ভবনের বাইরে দুই পাশে অবস্থান নিয়ে আছে। প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ আগেই আদালতে গড়ায়। বর্তমান পরিচালনা পর্ষদের সমর্থকরা অভিযোগ করছে, কাজী ফারুক 'সন্ত্রাসী' কায়দায় কার্যালয় দখল করেন। স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ ১৯টি অভিযোগ এনে গত বছরের মাঝামাঝি প্রশিকার কর্মচারীরা কাজী ফারুকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপর পরিচালনা পর্ষদের এক বৈঠকে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গঠিত হয় নতুন পরিচালনা পর্যদ। এর বিরুদ্ধে পরে হাইকোর্টে মামলা করেন কাজী ফারুক। বিষয়টি পুরোপুরি সুরাহা না হলেও কাজী ফারুককে প্রধান কার্যালয়ে ঢুকতে বাধা না দিতে আদালত আদেশ দেয়। গত বছরের ১ আগস্ট কাজী ফারুক সদলবলে কার্যালয়ে ঢুকতে গেলে সংঘর্ষ বাধে, যাতে ৩৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪০৫ ঘ.