২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পারাপার ব্যাহত

ঘন কুয়াশার কারণে বুধবার পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 06:36 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে বুধবার পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। ভোর পৌনে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দৌলতদিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া থেকে ছেড়ে আসা আমানতশাহ্ ও করবী নামের তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে ছিলো। কুয়াশা কেটে যাওয়ায় পর ফেরিগুলো গন্তব্যে পৌঁছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে প্রায় ২শ' পণ্যবাহী ট্রাক এবং অর্ধশতাধিক বাস আটকা পড়ে। মাদারীপুর প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সকাল সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো সকাল সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। কাওড়াকান্দি ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা শাহ নেওয়াজ চৌধুরী জানান, কুয়াশার কারণে মাঝনদীতে আটটি ফেরি আটকে ছিলো। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১২ ঘ.