রংপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা স্কুল মাঠে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার শেষদিন মঙ্গলবার রাতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত।
এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৫০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
গত ১১ ডিসেম্বর এ মেলার আয়োজন করে রংপুর শিল্প ও বণিক সমিতি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, রাত পৌনে ১১টার দিকে একদল দুর্বৃত্ত মেলায় হামলা চালিয়ে আয়োজক কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তারা মেলায় থাকা সব স্টলে লুটপাট চালিয়ে সব পণ্য নিয়ে গেছে। ৭০টির মতো স্টলের কোনোটিতে আর কোনো পণ্য অবশিষ্ট নেই।
রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মোহাম্মদ তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।"
তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24