ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বিদ্যুত আনতে সমঝোতার সমালোচনা করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, এতে দেশের লাভ হবে না।
বিএনপি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিরও সমালোচনা করেছে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার নয়া পল্টনে এক সমাবেশে বলেন, "দেশে বিদ্যুত উৎপাদনের ব্যবস্থা না করে ভারত থেকে তা আনার চুক্তি করে প্রতিবেশী দেশকেই আর্থিকভাবে লাভবান করা হচ্ছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সোমবার অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং বিদ্যুত খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দেলোয়ার বলেন, "এ রকম চুক্তি ছাড়াই তো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সব চুক্তি করে এ দেশকে প্রতিবেশী দেশের বাজারে পরিণত করা হচ্ছে।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বন্দি বিনিময় চুক্তি না করার জন্য প্রধানমন্ত্রীর সফরের আগে আহ্বান জানিয়েছিলেন।
গঙ্গার পানি ন্যায্য হিস্যা ও তিস্তার নদী পানি বণ্টন নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দেলোয়ার।
শেখ হাসিনার সফরকে সফল দাবি করে তার দল আওয়ামী লীগ ইতিমধ্যে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো অর্জন আমরা দেখতে পাচ্ছি না।"
২০০৭ সালের জরুরি অবস্থা জারির দিন ১১ জানুয়ারি কালো দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ জন্য দুই দিনের কর্মসূচির শেষ দিনে মঙ্গলবার মিছিল বের করে দলটি।
এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মীরা অংশ নেয়।
বিএনপি মহাসচিব বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করে একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিলো। তাদের পাতানো ফলাফলে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে।"
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ সরকারের কর্মকাণ্ড এমন পর্যায় পৌঁছেছে যে আর বসে থাকা চলবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যাওয়ার চেষ্টা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৫ঘ.
bdnews24