২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু হত্যা মামলায় নাসিমকে অব্যাহতি

পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল্লাহ বাচ্চু হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

পাবনা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল্লাহ বাচ্চু হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অব্যাহতি দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার ওসমানী তার আবেদন মঞ্জুর করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানি বিবেচনায় মামলা থেকে নাসিমকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ৪ এপ্রিল পাবনা শহরের অদূরে টেবুনিয়া খামারের মধ্যে নিজের গাড়িতে আততায়ীর হাতে নিহত হন পাবনা শেখ শহিদুল্লাহ বাচ্চু। ওই দিনই পাবনা সদর থানায় একটি হত্যা মামলা হয়। ২০০৪ সালের ১৮ নভেম্বর এই মামলায় মোহাম্মদ নাসিম, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা পৌরসভার বর্তমান মেয়র বিএনপি নেতা কামরুল হাসান মিন্টু, সাবেক মেয়র জহুরুল ইসলাম বিশু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী বাকি, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন সূর্য, পাবনা পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা ফরিদুল ইসলাম ডালুসহ বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ২২ নেতাকর্মীকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর নাসিম স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করেন। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭১৫ ঘ.