ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উপ সচিবের বাসায় গ্রিল কেটে ঢুকে ওই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের মারধর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোররাতের ঘটনাটি ডাকাতির মতো হলেও হামলাকারীরা লুটপাট না চালানোয় একে ডাকাতি বলে মনে করছে না পুলিশ।
আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি ভবনের নিচ তলায় থাকেন উপ সচিব রাফিউল আলম। তার বাড়িতেই হামলা হয় বলে জানান লালবাগ থানার উপ-পরিদর্শক ইমরান আলী।
তিনি বলেন, "দুর্বৃত্তরা রাফিউল আলম, তার স্ত্রী মীনা আলম, কিশোরী কন্যা রিফাত আরা ও তাসলিমা আলমকে মারধর করে।"
চারজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের।
পুলিশ কর্মকর্তা ইমরান বলেন, ওই বাসা থেকে কোনো জিনিসপত্র লুট হয়নি, বাসা তছনছও হয়নি।
"শুধু মীনা আলম অভিযোগ করেছেন, তার গলার চেইন নিয়ে গেছে।"
এ বিষয়ে রাফিউল আলম বাদী হয়ে মারপিট, চুরি ও গৃহে অনুপ্রবেশের অভিযোগে লালবাগ থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানায়।
তবে ঘটনাস্থল পরিদর্শনকারী অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি রহস্যজনক। কারণ দুর্বৃত্তরা অনেক ঝুঁকি নিয়ে একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বাসায় ঢুকেছে, কিন্তু কিছু লুট করেনি।
পুলিশ বিষয়টির তদন্ত করছে বলে রাফিউল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24