সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে পুলিশ বিএনপি'র সভা করতে দেয়নি।
এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের সভা পণ্ড করার জন্য আওয়ামী লীগও একই সময়ে সেখানে সভা ডাকার পর পরিকল্পিতভাবে পুলিশী হামলা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী কালো দিবস পালন উপলক্ষে দুপুরে ওসমানীনগর থানা বিএনপি ও সহযোগী সংগঠন ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল কর্মসূচি ঘোষণা করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একই স্থানে সভা ও মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তাজপুর বাজারের স্কুল রোডে এবং বিএনপি, যুবদল ও ছাত্রদল কদমতলায় অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
দুপুর ১টার দিকে বাজারের একটি কমিউনিটি সেন্টারে সভায় যোগ দিতে আসা বিএনপি নেতা-কর্মীদের পুলিশ সরিয়ে দেয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে সভা শুরু করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ বলেন, "আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাজপুরে কাউকেই মিছিল সমাবেশ করতে দেওয়া হয়নি। তবে বিএনপি অন্যত্র গিয়ে সভা করতে চাইলে তাদের সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়।"
বিএনপির সভায় শুধু লাঠিপেটা করা হয়েছে এবং টিয়ারগ্যাস কিংবা গুলি ছোঁড়া হয়নি বলে ওসি দাবি করেন।
ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া বলেন, "আগে থেকে নির্ধারিত আলোচনা সভা ও মিছিল ছিল আমাদের। পুলিশের অনুরোধে আমরা মিছিল করিনি। ঘরোয়াভাবে আলোচনা সভা করেছি।"
ওসমানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী বলেন, "পুলিশের নিষেধ মেনে আমরা অন্যত্র সরে এসে শান্তিপূর্ণ সভা করছিলাম। কিন্তু বিনা কারণে আওয়ামী লীগের মদদে আমাদের উপর লাঠি চার্জ করে সভাটি পণ্ড করেছে পুলিশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১৫৫ ঘ.
bdnews24