কক্সবাজার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ধর্মঘটের কারণে মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সারাদিন এই নৌপথে যাত্রবাহী নৌকা ও স্পিড বোট চলাচল বন্ধ ছিল।
আগেরদিন উপজেলার গোরকঘাটা বাজারে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা এবং সিকদার পাড়ায় কয়েকটি বাড়িতে তল্লাশির প্রতিবাদে ওই পাড়ার নৌযান শ্রমিকরা এ ধর্মঘট ডেকেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা মহেশখালী উপজেলা সদরের দোকানপাটও বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সংবাদিকরা জানান, সংঘর্ষের পর রোববার রাতেই মহেশখালী থানার উপ-পরিদর্শক দীপক দেওয়ান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। রাতেই পুলিশ সিকদার পাড়ার কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই গোরকঘাটা ঘাট থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় ওই এলাকার শ্রমিকরা।
ওই সাংবাদিকরা জানান, সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন ধরনের যাত্রীবাহী নৌকা ও স্পিড বোট চলাচল করেনি।
সিকদার পাড়ার লোকজন উপজেলা ও থানা এলাকায় জড়ো হলে ওই এলাকার সকল দোকানপাটও বন্ধ হয়ে যায়। রাত ৭টা পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল।
মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, রোববার অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আদালত এলাকায়। অথচ মহেশখালী থানার ওসি কক্সবাজার থেকে রিজার্ভ পুলিশ এনে সিকদার পাড়ায় হামলা চালিয়েছে। বাড়ি ঘরের দরজা জানালা ভাংচুর করেছেন।
তিনি বলেন, "পুলিশের এই কমকান্ড দেখে অনেক মহিলাও রাস্তায় নেমে এসেছিল। আর যারা নৌকা চালায় তারা অধিকাংশই সিকদার পাড়ার বাসিন্দা। তারা পুলিশের হামলার প্রতিবাদে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছেন।"
উপজেলা চেয়ারম্যান জানান, যতদিন মহেশখালী থানার ওসিকে প্রত্যাহার করা হবে না ততদিন নৌকা চলাচল বন্ধ থাকবে।
মহেশখালী থানার ওসি সন্তোষ কুমার নাথ জানান, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে একটি পক্ষ অবৈধ ফায়দা লুটার জন্য নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, "আমি তো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। আমি কোন কাজই আইনের বাইরে করিনি।"
ওসি জানান, নৌকা চলাচল চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজারের পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বিকাল থেকে কিছু কিছু নৌকা চলাচল শুরু হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে নৌকা চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
তিনি মহেশখালী থানার ওসিকে প্রত্যাহারের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন।
রোববার গোরকঘাটা বাজারে মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছোট ভাই আতা উল্লাহর সঙ্গে পৌর মেয়র সরওয়ার আজমের ভাইপো ইয়াসিরের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে আতা উল্লাহ সমর্থক সিকদার পাড়ার লোকজনের সঙ্গে পুলিশ সংঘর্ষ বেধে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24