সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনার মাধ্যমে টিপাইমুখসহ ১১টি বিষয়ে শান্তির্পূণ সমাধানের দাবি জানিয়েছে একটি বেসরকারি সংগঠন।
সোমবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশ সিলেটের কিনব্রিজ এলাকায় শান্তির প্রতীক ১১টি পায়রা উড়িয়ে এই ১১টি দাবি তুলে ধরে।
ভারত সফরে সেদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
এই কর্মসূচি শেষে সিলেটের প্রবীণ রাজনীতিবিদ আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় অঙ্গীকার বাংলাদেশের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মইনুদ্দিন আহমদ টিপাইমুখ বাঁধ নির্মাণ না করতে ভারতের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ না করে বরাক-সুরমা-কুশিয়ারা-কালনী-ধনু-মেঘনা নদীর প্রবাহকে আপন গতিতে চলতে দেওয়া উচিত।
সংগঠনটির ১১টি দাবির মধ্যে আছে- দক্ষিণ এশিয়ায় কোথাও আর কোনো বড় বাঁধ দেওয়া যাবে না, অভিন্ন বরাক নদীর ওপর বাঁধ নির্মাণ করা যাবে না, ব্রহ্মপুত্রের উজানে চীন ও ভারতের প্রস্তাবিত সকল বাঁধ প্রকল্প বাতিল করতে হবে, দক্ষিণ এশিয়ার প্রতিটি নদী ও জলাভূমির ওপর সাধারণ জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।
সভায় এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী আয়েশা চৌধুরী, বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পরিচালক সামসুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24