২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে কাউন্সিলরকে নির্যাতনের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ পৌরভার এক কাউন্সিলরকে কারাগারে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

কক্সবাজার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ পৌরভার এক কাউন্সিলরকে কারাগারে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পৌর কাউন্সিলর নূরুল আলম ওরফে কালু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। বিএনপির টেকনাফ পৌর কমিটির সদস্য নুরুল আলমকে অসুস্থ অবস্থায় রোববার রাতে কক্সবাজার জেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মদ পাচারের অভিযোগে গত ২৯ ডিসেম্বর টেকনাফে তার শ্বশুর বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার রাতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়, টেকনাফের সরকার দলীয় এক নেতার নির্দেশে নূরুল আলমকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফ থানায় অমানুষিক নির্যাতন চালিয়ে মদ পাচারের 'মিথ্যা মামলা'য় তাকে কারাগারে পাঠানো হয়। বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, কারাগারেও নূরুল আলমের ওপর নির্যাতন চালানোর ফলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন। যেকোনো সময় মৃত্যু হতে পারে। নূরুল আলমের ছোট ভাই সৈয়দ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ষড়যন্ত্রমূলক' তার ভাইকে গ্রেপ্তার করে থানায় অমানুষিক নির্যাতন করা হয়। এরপর গত বৃহস্পতিবার জেলা কারাগারে আবারো তার ওপর নির্যাতন চালায়। এতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রোববার রাতে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখেন নুরুল আলম হাসপাতালের শয্যায় অচেতন পড়ে আছেন। হাত ও পায়ে দু'টি স্যালাইন লাগানো। তার মুখ, ঠোঁট, কপাল ও পিটে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পাশে দু'জন কারারক্ষী পাহারায় রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাশরুফা খোরশেদ বলেন, নূরুল আলমের ম্যালেরিয়া হয়েছে। এর চিকিৎসাও দেওয়া হয়েছে। তার শরীরে মারধরের চি‎হ্ন থাকার কথা অস্বীকার করেন চিকিৎসক। অন্যদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, নুরুল আলমের 'হার্ট ফেইলিউর'র মতো সমস্যা দেখা দিয়েছে। সঠিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কক্সবাজারের জেলার আনোয়ার হোসেন বলেন, "প্রচণ্ড জ্বর হওয়ায় নূরুল আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ম্যালেরিয়া হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়। চিকিৎসায় তা ভাল হয়ে যাবে। তাই দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" তিনি বলেন, " তাকে কারাগারে আনার সময় মুখে আঘাতের দাগ ছিল। আমরা তাকে মাদক নেওয়া অবস্থায় পেয়েছিলাম। কারা হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করা হয়।" কারাগারে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, জেলা কারাগারে কাউকে নির্যাতনের প্রশ্নই ওঠে না। টেকনাফ থানার ওসি খালেদ হোসেন বলেন, নুরুল আলমের বিরুদ্ধে মাদক চোরাচালনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এদিকে জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী নূরুল আলমকে দেখতে রোববার রাতে সদর হাসপাতালে যান। এ সময় জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.