ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী সেপ্টেম্বর নাগাদ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবার জাতীয় সংসদে এ কে এম মোস্তাফিজুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, "পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বর নাগাদ শুরু করে ২০১৩ সালের ডিসেম্বর নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।"
মন্ত্রী জানান, পদ্মা সেতুর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর অংশ হিসেবে পরিকল্পনা নকশা চূড়ান্ত করা হয়েছে। সেতুর জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে।
এছাড়া ঠিকাদার নিয়োগে প্রি-কোয়ালিফিকেশন ডকুমেন্ট প্রণয়ন করা হয়েছে বলেও তিনি জানান।
ছয়দিন বিরতির পর সোমবার বিকাল সোয়া তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশন আবার শুরু হয়।
অধ্যক্ষ মতিউর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, "দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে।"
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শিগগির শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এইচএ/১৯২২ ঘ.
bdnews24