ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইনসহ গ্রেপ্তার তিন বিদেশি নাগরিক ও এক বাংলাদেশীকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ শেষে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
বিকেলে ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী এ আদেশ দেন।
তারা হলেন- কঙ্গোর নাগরিক মেথুমনা কিসাকা জিন, মঙ্গোলিয়ার নন্দিনি স্যাটসেজ সিসি, তানজানিয়ার মো. রাশিদ এবং বাংলাদেশী রাবেয়া শিকদার হিরা।
গত ২৮ ডিসেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র্যাবের যৌথ অভিযানে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি থেকে ৮শ' গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
৩১ ডিসেম্বর এই চারজনকে পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন ভুইয়া অভিযুক্তদেরকে কারাগারে পাঠানোর আবেদনে বলেন, তারা আন্তর্জাতিক মাদক পাচারকারি দলের দুর্ধর্ষ সদস্য। জিজ্ঞাসাবাদে তারা এ ব্যাপারে প্রচুর তথ্য দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৮৩০ ঘ.
bdnews24