২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিময় সেই দিল্লিতে

নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনার মধ্য দিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুরু হয়েছে। (আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

নয়াদিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনার মধ্য দিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুরু হয়েছে। পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সব সদস্যের হত্যাকাণ্ডের পর ১৯৭৫-১৯৮১ সাল পর্যন্ত এ ঐতিহাসিক নগরীতেই নির্বাসিত জীবন কাটান তিনি। এ সফর বাংলাদেশ-ভারতের মধ্যেকার সম্পর্ক জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দ'ুদেশের দারিদ্র্য বিমোচনে দ্বিপাক্ষিক সহযোগিতার ওপরও জোর দিয়েছেন তিনি। শেখ হাসিনা, তার স্বামী এম এ ওয়াজেদ এবং দু সন্তান সজীব ও সায়মা পুতুল একসময় এ শহরের লাজপাত নগরের ৫৬ রিং রোডে থাকতেন। পরে তারা উঠেছিলেন পান্দারা পার্কের সি ব্লকের একটি ফ্ল্যাটে। ভারত সফরের এ ব্যস্ত সময়ে শেখ হাসিনা লাজপাত নগর এবং পান্দারা পার্কে তার পুরোনো বাড়িতে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ সোমবার সারাদিনই তিনি ব্যস্ত সময় কাটাবেন। রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা অনুষ্ঠানের পরপরই তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যান এবং ভারতের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই আইটিসি মৌরিয়া হোটেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক হয় তার। শেখ হাসিনার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব রয়েছে প্রণব মুখার্জীর। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা যখন দিল্লিতে ছিলেন সেসময় প্রণব একজন উপমন্ত্রী। মঙ্গলবার প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর সঙ্গে সাক্ষাত করতে পারেন শেখ হাসিনা। দিল্লিতে বসবাসের সময় শেখ হাসিনার ভালো পরিচয় ছিলো ফুটবল খেলোয়াড়দের কাছে পরিচিত মুখ ডি কে বোসের সঙ্গে। তিনি বলেন, "পান্দারা পার্কে থাকার সময় তার (হাসিনা) সঙ্গে আমার সাক্ষাত হয়েছিল। সেটা ছিল সম্ভবত ১৯৮০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি সেখানে গিয়েছিলাম।" সেসময় শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশ ও ভারতের বাংলা সাহিত্য এবং ফুটবল- এসব বিষয়ে আলোচনা হতো বলেও জানান তিনি। লোদী রোডে অবস্থিত ভারতীয় আন্তর্জাতিক কেন্দ্রে প্রায়ই হাসিনাকে মধ্যাহ্ন ভোজ বা রাতের খাবার খেতে দেখা যেত। সেসময় এ এল খাতিব নামে এক বাংলাদেশী সাংবাদিক হাসিনার সহযোগী হিসেবে কাজ করতেন। ইনি পরে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বই লেখেন। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় সেসময় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছিলেন। হত্যাকাণ্ডের পর হাসিনা প্রথমে যুক্তরাজ্যে এবং পরে ভারতে আশ্রয় চান। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত (১৯৮১ সালের ১৭ মে পর্যন্ত) শেখ হাসিনা দিল্লিতে ছিলেন। এখানে থাকাকালীন তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। লাজপাত নগরের ৫৬ রিং রোডের বাড়িটি একসময় নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে পরিণত হয় এবং চানক্যপুরীর কূটনৈতিক পাড়ায় যাওয়ার আগ পর্যন্ত দূতাবাস বেশ কিছুদিন এখানেই ছিল। ভারতীয় সংবাদপত্র দ্য পাইওনিয়ারের সাংবাদিক বিবেক শুক্লা লিখেছিলেন, "পান্দারা পার্কের কথা অবশ্যই তার (হাসিনা) মনে থাকবে।" মঙ্গলবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। '৯০ এর দশকের শেষ নাগাদ প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় তার সঙ্গে শেখ হাসিনার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির সুষমা স্বরাজের সঙ্গে সোমবার বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার। সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত করার কথা তার। শেখ হাসিনার সম্মানে মনমোহন নৈশভোজও আয়োজন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরে অপরাধ দমন বিষয়ে আইনি সহায়তা, সাজাপ্রাপ্ত আসামিদের হস্তান্তর, আন্তর্জাতিক সন্ত্রাস, অপরাধ ও মাদাক পাচার রোধ, বিদ্যুৎ খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিষয়ে দেশ দুটি ৫টি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৬২৩ ঘ.