২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো দিবস পালন করছে বিএনপি

২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনকে জনগণের সাংবিধানিক অধিকার স্থগিত করার দিন আখ্যা দিয়ে বিএনপি সোমবার 'কালো দিবস' পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনকে জনগণের সাংবিধানিক অধিকার স্থগিত করার দিন আখ্যা দিয়ে বিএনপি সোমবার 'কালো দিবস' পালন করছে। এ কারণে দলটির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে পৃথক পৃথকভাবে দলীয় কর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেয়। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১১ জানুয়ারি দেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ। ওইদিন সেনা বাহিনীর কিছু কর্মকর্তা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে দিয়ে জোর-জবরদস্তিমূলকভাবে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছিল।" তিনি অভিযোগ করেন, দেশে সাংবিধানিক ধারাবাহিকতাকে বিনষ্ট করে সেনা সমর্থিত ওই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দুই বছর তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে নীল নকশার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারই ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মহাজোট সরকারকে ক্ষমতায় বসানো হয়। বিএনপি মহাসচিব জানান, সারাদেশেই বিএনপি এই দিবসের কর্মসূচি পালন করছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপরই তার সরকার বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা নিয়োগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। ফখরুদ্দীন সরকার প্রতিষ্ঠার পেছনে সেনাবাহিনীর প্রধান ভূমিকা ছিল বলে দেশ বিদেশের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। বিরোধী দলগুলোর সহিংস প্রতিবাদের মুখে ২০০৬ সালের শেষার্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে ২০০৭ সালের ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেন। এ নির্বাচন সাজানো অভিযোগ তুলে প্রায় সবগুলো বিরোধী দল নির্বাচনের ঘোষণা দিলে দৃশ্যত দেশি-বিদেশি চাপের মুখে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন ইয়াজউদ্দিন। সরকার গঠনের আগে জারি করা হয় জরুরি অবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ