২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাঙালি এখন ব্যক্তিগত মুক্তির স্বপ্ন দেখছে'

স্বাধীনতা যুদ্ধের সমষ্টিগত মুক্তির আকাক্সক্ষা থেকে সরে বাঙালি এখন 'ব্যক্তিগত মুক্তির স্বপ্ন' দেখছে বলে মন্তব্য করলেন শিক্ষাবিদ লেখক সিরাজুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের সমষ্টিগত মুক্তির আকাক্সক্ষা থেকে সরে বাঙালি এখন 'ব্যক্তিগত মুক্তির স্বপ্ন' দেখছে বলে মন্তব্য করলেন শিক্ষাবিদ লেখক সিরাজুল ইসলাম চৌধুরী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস এ কথা বলেন। বাঙালি সমগ্র জাদুঘর এ কর্মসূচির আয়োজন করে। নির্ধারিত বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "১৯৭১ সালে আমরা সমষ্টিগত মুক্তির স্বপ্ন দেখেছিলাম। তাই সে সময় আমাদের সফলতা এসেছে। পরবর্তীতে সেই ধারা ভেঙে গেছে। এখন আমরা ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি। এ কারণে আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই ফিকে হয়ে আসছে।" সাম্রাজ্যবাদ প্রতি ক্ষণে আমাদের দেশের সার্বভৌমত্বকে গিলে ফেলতে কাজ করছে- এ মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এটা প্রতিরোধে সচেতন আন্দোলন প্রয়োজন। অনুষ্ঠানে বিনোদ বিহারী চৌধুরীর লেখা 'অগ্নি ঝরা দিনগুলো' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রখ্যাত এ বিপ্লবীর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩১৭ঘ.