ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আবাসন ও ভূমি উন্নয়ন ব্যবসায়ীদের 'দস্যুতা'র আচরণ ত্যাগ করে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
আবাসন শিল্পে সংশ্লিষ্টদের 'শিল্পীর মতো' আচরণ করার জন্য পরামর্শ দেন মন্ত্রী।
সচিবালয়ে পূর্ত মন্ত্রণালয়ে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স সমিতির (বিএলডিএ) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী মান্নান খান একথা বলেন।
তিনি বলেন, "জমির বায়না করেই অনেকেই বিজ্ঞাপন দিয়ে প্লট বিক্রি করেন। কিন্তু তাদের কোনো অনুমোদন থাকে না। বিজ্ঞাপন দেওয়ার আগে জমির মালিক তারা কিনা, তাও তারা ভাবেন না। এটা কোন নিয়ম হতে পারে না। বিজ্ঞাপন দেওয়ার আগেই জমির মালিকানা নিশ্চিত করুন।"
বিএলডিএ সভাপতি বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, রিহ্যাব সভাপতি তানভীরুল হক প্রবাল, বিএলডিএ'র সহ-সভাপতি এনামুল হক ও এমএ মুকুল এবং মহাসচিব মোস্তফা মহিউদ্দিন বৈঠকে বক্তব্য দেন।
বৈঠকে বিএলডিএ ও রিহ্যাবের পক্ষ থেকে ২০০৪ সালের ভূমি উন্নয়ন নীতিমালা সংশোধন, রাজউকে প্রকল্প অনুমোদনে জটিলতা নিরসন ও এককেন্দ্রিক সেবা ব্যবস্থা চালু, ভ্যাট ও ট্যাক্স হ্রাসের দাবি জানানো হয়।
এসময় মান্নান খান বলেন, "আগে জমির মালিকানা নিশ্চিত করুন, তারপর পরিস্কার হাত নিয়ে আমাদের কাছে আসুন, ১৫ দিনের মধ্যে প্রকল্প অনুমোদনের ব্যবস্থা করবো। না হলে হয় সচিব থাকবে না, নয়তো আমি নিজেই মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে গিয়ে দাঁড়াবো।"
রাজধানীর চারদিকে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে মান্নান খান বলেন, প্রধানমন্ত্রী ঢাকার চারদিকে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণ এবং ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) তৈরি করে মহানগরীর আয়তন ৫৯০ বর্গমাইল করার নির্দেশ দিয়েছেন। আমরা সেজন্য কাজ করছি। সরকারি ও বেসরকারি বিনিয়োগে (পিপিপি) এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বর্তমানে যেভাবে রাজধানীর আবাসন ব্যবস্থা গড়ে উঠছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে দেশে এক বিঘা ধানি জমিও পাওয়া যাবে না। তাই সুউচ্চ ভবন নির্মাণের মাধ্যমে স্বল্প জমি ব্যবহার করে অনেক লোকের আবাসন ব্যবস্থা করতে হবে। এজন্য ইমারত নির্মাণ বিধিমালাও চূড়ান্ত করা হয়েছে। এটি বর্তমানে বিল আকারে পাসের জন্য উত্থাপন করার প্রক্রিয়ায় রয়েছে।
বিএলডিএ সভাপতি আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী ঢাকার চারদিকে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে ব্যবসায়ীরা খুশি। তবে ইমারত নির্মাণ এবং ভূমি উন্নয়নে ২০০৪ সালের নীতিমালায় কিছু সমস্যা রয়েছে, তা সংশোধন করতে হবে। রাজউকে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। নইলে এ খাতে বিনিয়োগকারী ব্যবসায়ীরা পথে বসবে।
রিহ্যাব সভাপতি তানভীরুল হক প্রবাল বলেন, ২০০৪ সালের ভূমি উন্নয়ন নীতিমালার পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রণীত ইমারত নির্মাণ ও ভূমি উন্নয়ন নীতিমালার আওতায় এতদিন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গত দেড় থেকে দুই মাস ধরে এ নীতিমালা অনুসরণ করে প্রকল্প অনুমোদন বন্ধ রয়েছে। এ থেকে ব্যবসায়ীদের মুক্তি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২১৪০ঘ.
bdnews24