২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীকে লালগালিচা সম্বর্ধনা

রোববার রাতে চারদিনের সফরে ভারত পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 03:06 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার রাতে চারদিনের সফরে ভারত পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫ এ নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়েন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব নয়াদিল্লী থেকে জানান, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীনিত কাউর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বিমানবন্দরে স্বাগত জানান। তাদের উষ্ণ সম্বর্ধনা দেওয়ার পর শেরাটন মৌর্যতে নিয়ে যাওয়া হয়। সফরকালে শেখ হাসিনা এ হোটেলেই থাকবেন। এদিকে আমাদের দিল্লী প্রতিনিধি জানিয়েছেন, শেখ হাসিনা নয়াদিল্লী পৌঁছানোর ঠিক আগে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেছেন, ভারত তার নিজের অর্থনৈতিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সহযোগী হওয়ার জন্য বাংলাদেশকে বড় ধরণের সহায়তা দিতে অঙ্গীকারাবদ্ধ। তিনি এতে আশা প্রকাশ করেন, শেখ হাসিনার এ সফর নতুন পথের সূচনা করবে এবং তা উভয় দেশকে নতুন ও ভবিষ্যতমূখী এক সম্পর্ক গড়ার ঐতিহাসিক সুযোগ এনে দেবে। প্রধানমন্ত্রীর এ সফরে অপরাধ দমন বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। তবে নিরুপমা রাও তার রোববারের বিবৃতিতে মোট পাঁচটি চুক্তির কথা বলেন। সোমবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্য বিশিষ্টজনরা শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। চারদিনের সফরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া এক নৈশভোজেও যোগ দেবেন শেখ হাসিনা। স্বাক্ষর হতে যাওয়া চুক্তিগুলো হলো: অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধি দলও রয়েছে। শেখ হাসিনা বুধবার আজমীরে সুফি খাজা মইনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন। এছাড়া রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাও জানাবেন তিনি। হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, গওহর রিজভীসহ অনেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ সফরে কোনো চুক্তি হচ্ছে না বলে ইতিমধ্যে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সফরে শেখ হাসিনা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই), ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব চেম্বার্স আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফরের সফলতা কামনার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্র"তি আদায়ের তাগিদ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে দুই দেশের মধ্যে কোনো চুক্তি না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান। সফর শেষে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/এসকে/২১০৩ঘ.