ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদেরও বর্ধিত বেতন সহায়তা দেওয়া হবে।
গত ১ জুলাই ২০০৯ থেকেই এ সুযোগ কার্যকর ধরা হবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন।
মন্ত্রণালয় থেকে দেওয়া এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, নতুন বেতন কার্যকর হওয়ার পর কোন শিক্ষক-কর্মচারীর বেতন বৃদ্ধির প্রকৃত পরিমাণ অন্তত দুই হাজার টাকা হবে।
এতে আরো বলা হয়, ১ জুলাই ২০০৯ থেকে মহার্ঘ ভাতা বিলুপ্ত হবে। এ সময়ে নেওয়া মহার্ঘ ভাতার টাকা বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। তবে শিক্ষক-কর্মচারীরা ২০০৯ সালের ৩০ জুন পর্যন্ত যে হারে ভাতা নিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একই হারে তা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৪৭ঘ.
bdnews24