ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে পল্লী ভবনে আগুন রোববার বিকাল সাড়ে ৪টায় নিভেছে।
দুপুর আড়াইটার দিকে বিএসইসি ভবনের পেছনে পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের ছয়তলা ভবনের বেসমন্টে আগুন লাগে বলে দমকল বাহিনী জানায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী দুই ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মুহাম্মদ শাহজালাল সাংবাদিকদের জানান।
এখনও আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেনি দমকল।
অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর সাতটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। দমকল বাহিনী ভবনের ছাদ থেকে ছয়জনকে উদ্ধার করেছে। তারা আগুন আতঙ্কে নামতে পারেনি। তবে আগুন ভবনের বেসমেন্ট থেকে অন্য কোথাও ছড়ায়নি।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, "ভবনটির নিচতলায় একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ও কয়েকটি পুরনো গাড়ি ছিল।"
তিনি বলেন, "অগ্নিকাণ্ডের আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এটি আগুনের কারণ হতে পারে। তবে শব্দের উৎস জানা যায়নি।"
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হুমায়ুন খালিদ সাংবাদিকদের জানান, আগুনে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, "আজ বেশ কয়েকবার বিদ্যুত বিভ্রাট হয়। দুপুর ২টার পর বিদ্যুত চলে গেলে আমরা একটি শব্দ শুনি। এরপরই ধোঁয়া উঠতে দেখা যায়। তখন নিচে থাকা লোকজন ভবনের বিভিন্ন তলায় গিয়ে সবাইকে সতর্ক করলে আমরা নিচে নেমে আসি।"
"তবে আমাদের কয়েকজন সহকর্মী নিচে নামার আগেই দ্বিতীয় ও তৃতীয় তলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন তারা ছাদে চলে যান। পরে দমকলকর্মীরা তাদের উদ্ধার করে", বলেন তিনি।
তিনি জানান, বেসমেন্ট গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করেন তারা। এছাড়া পুরনো গাড়ি ও পুরনো গাড়ির যন্ত্রাংশ (চাকা, টিউব) ইত্যাদি ছিলো।
আগুনের খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পল্লী ভবনে যান।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ড তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) আব্দুল মান্নানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দুপুরে প্রায় একই সময় আগুন লাগে মতিঝিলের এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়েও।
তবে দমকল বাহিনী যাওয়ার আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলে বলে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24