২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রমাণ ছাড়া কথা বলিনি: আশরাফ

ঢাকায় পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠকের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 06:33 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠকের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি রোববার সাংবাদিকদের বলেন, "তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ ছাড়া এ ধরনের কথা বলিনি।" আশরাফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেছিলেন, "বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার দেড় ঘণ্টার একটি বৈঠক হয়েছিলো।" আশরাফের ওই বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য করে খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার বলেন, ওই বৈঠকের কোনো প্রমাণ তার কাছে থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। উলফা নেতা অনুপ চেটিয়া ১০ বছর ধরে বাংলাদেশে কারাবন্দি। আশরাফসহ আওয়ামী লীগের নেতারা রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছে। বঙ্গবন্ধু মামলার রায় কার্যকরের বিষয়ে আশরাফ বলেন, এখনো অনেকে চায় না ওই রায় কার্যকর হোক। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের বিষয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩২৯ ঘ.