ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে রোববার পালিত হলো অষ্টাদশ জাতীয় টিকা দিবস।
১ লাখ ৪০ হাজার কেন্দ্রে ৬ লাখ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় শিশুদের পোলিও ছাড়াও রাতকানা রোগ প্রতিরোধের জন্যে ভিটামিন এ এবং কৃমির আক্রমণ প্রতিরোধের জন্যে আলবেন্ডাজোল ট্যাবলেটও খাওয়ানো হয়।
সরকারি উদ্যোগে সারাদেশে মাইকিংসহ বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় করেন বাবা-মায়েরা।
অনেকেই শীতের সকালে কাঁথায় পেঁচিয়ে নিয়ে আসেন বাচ্চাকে।
টিকাদান কেন্দ্র রাত ৮টা পর্যন্ত খোলা ছিল। তবে এরপরও ঝুঁকিপূর্ণ শিশুদের টিকা খাওয়ানোর জন্যে রাতভর কাজ করার কথা স্বেচ্ছাসেবীদের।
এছাড়া ১১ থেকে ১৪ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়া হবে।
কর্মসূচিতে ০-৫ বছর বয়সী সব শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা, ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ২৪-৫৯ মাস বয়সী সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
এছাড়া ১৪-২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ৯ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশ থেকে পোলিও 'একপ্রকার নির্মূল' হয়ে গেলেও প্রতিবেশী দেশ পোলিওমুক্ত না হওয়ায় এদেশকে পুরোপুরি পোলিওমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
টিকাদান থেকে যাতে কোন শিশু বাদ না পড়ে সে জন্যে সচেতন হতে অভিভাবক ও সবাইকে অনুরোধ জানান তিনি।
খালি পেটে কোনো শিশুকে টিকা বা কৃমির ওষুধ খাওয়ানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/এসকে/২৩২৪ঘ.
bdnews24