ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিরাজমান মাঝারি শৈত্যপ্রবাহ তীব্রতা কমে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিচ্ছে।
এ কারণে রোববার থেকে সারা দেশে ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এ মাসের শেষে দিকে আবারো মাঝারি ধরনের শৈত্য প্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যশোরে গত ২৯ ডিসেম্বরের পর শনিবার শ্রীমঙ্গলে এই তাপমাত্রা রেকর্ড হয়।
রোববার পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শ্রীমঙ্গল, কুমিল্লা ও ফেনী অঞ্চলে বিরাজমান মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ মৃদু শৈত্য প্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিয়ে অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ রাশেদুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী দুই-তিন দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহেরও উন্নতি ঘটবে।"
জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
শনিবার ঢাকায় সর্বনিু তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া চট্টগ্রামে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১১ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার সকালে তাপমাত্রা ৬ ডিগ্রীতে নেমে আসে।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা গৌতম আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা বাতাসের ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।"
গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমএসবি/এসকে/০০৫৭ঘ.
bdnews24