চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নির্মূল ও নারী নির্যাতন রোধ অপরিহার্য বলে মত দিয়েছেন চট্টগ্রামে আয়োজিত একটি সেমিনারের আলোচকরা।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিনদিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শনিবার নগরীর মুসলিম হলে 'বাঙালির রাষ্ট্রসাধনা' শীর্ষক সেমিনারে আলোচকরা এ মত দেন।
প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. ভারতী রায়, মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তপতী মুখোপাধ্যায়, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতিকর্মী ও লেখক মফিদুল হক এবং অধ্যাপক গোলাম মুস্তাফা আলোচনায় অংশ নেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুত্থান বাঙালি জাতিসত্ত্বার চুড়ান্ত একটি ফল।...পূর্ব বাংলার বাঙালিদের পক্ষে বৃহত্তর পাকিস্তানী সত্তায় মিলিত হওয়া অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই তারা ২৪ বছরের রাষ্ট্রীয় অভিজ্ঞতা থেকে নতুন করে বাঙালি জাতিসত্তা গঠনে অগ্রসর হয়।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আমরা অতীত ভুলে যাই। কিন্তু আমাদের অতীতের পথ ধরেই এগিয়ে যেতে হবে। বাঙালির ইতিহাসে নানারকম অঘটন ঘটেছে। অর্জন ও গৌরবের ঘটনাও রয়েছে অনেক। বাংলার সূর্য এখন আর পৃথিবীতে অস্ত যায় না।"
অধ্যাপক ভারতী রায় বলেন, "বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতিসত্তার বিভিন্ন সংগ্রামে অনেকে বিপ্লবী ভূমিকা রেখেছেন। তাদের এই আত্মদানের ভিতের ওপর দাঁড়িয়ে আজকের বাঙালি।"
দুই বাংলার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, দুটি দেশ আলাদা হলেও তাদের সংস্কৃতি ও মানুষ আলাদা নয়।
ড. তপতী মুখোপাধ্যায় বলেন, বিপ্লবীদের জীবন ছিল জেল আর জেলের বাইরে। কিন্তু এখনকার তরুণদের মধ্যে ভাব ও ত্যাগের অভাব রয়েছে।
রোববার বিনোদ বিহারীর শততম জন্মদিন ও উৎসবের শেষ দিন সকাল আটটায় নগরীর ডিসি হিল চত্বরে শপথ বাক্য অনুষ্ঠান এবং বিকালে জেএম সেন হলে শতবর্ষী এই বিপ্লবীকে গণসংবর্ধনা দেওয়া হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/০০৫৫ঘ.
bdnews24