২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের মানুষ বৈষম্যের শিকার: গাফ্ফার চৌধুরী

রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 06:58 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

রংপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী। রংপুরে শনিবার সন্ধ্যায় একটি বৃত্তি ও দরিদ্রভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সবক্ষেত্রে রংপুর অঞ্চল পিছিয়ে আছে।" বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ কোটা বরাদ্দের দাবি জানান তিনি। পীরগাছা উপজেলার পশ্চিম দেবু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ড. তৈয়ব হোসেন ফাউন্ডেশন এই অনুষ্ঠান আয়োজন করে। গাফ্ফার চৌধুরী আরো বলেন, "উত্তরাঞ্চলে আমার এটাই প্রথম সফর। এখানে এসে শুনলাম এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার।" বর্তমান সরকার এ অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তৈয়ব হোসেন ফাউন্ডেশনের সভাপতি শাহ আলী আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব আমিনুল হক বাদশা, কবি আসাদ চৌধুরী, সাংসদ টিপু মুন্সি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া প্রমুখ। আমিনুল হক বাদশা বলেন, বঙ্গবন্ধু হত্যার জন্য খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার না করলে জাতি কলঙ্কমুক্ত হবে না। অনুষ্ঠান শেষে ৪৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি এবং ১০ জন দরিদ্রকে ভাতা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩০ঘ.