মাদারীপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মাওয়া-কাওড়াকান্দি রুটে কয়েক শ' নৌযান ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পারাপার করে যাচ্ছে।
এ কারণে চরম ঝুঁকির মধ্যে প্রতিদিন হাজার হাজার যাত্রী পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাওরাকান্দি ঘাটের সুপারভাইজার মো. নাসির উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ মানুষ মাওয়া-কাওড়াকান্দি রুটে যাতায়াত করে। তাই এ রুটের ৮২টি লঞ্চ, তিন শতাধিক স্পিডবোট ও অর্ধ শতাধিক ইঞ্জিনচালিত ট্রলার ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে ১৬ কিলোমিটার দূরত্বের পদ্মা পারাপারে রয়েছে।
তিনি বলেন, "স্পিডবোট ও ট্রলারগুলোকে বাতি ছাড়াই গভীর রাত পর্যন্ত এ চলতে দেখা যায়। এর মধ্যে আবার লঞ্চ ছাড়া অন্য নৌযানগুলোর চলাচলের বৈধ্যতাও নেই।
"এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাস, মাইক্রোবাসসহ সকল পরিবহনেই আদায় করা হচ্ছে নির্দিষ্ট ভাড়ার দেড় থেকে আড়াইগুণ অর্থ।"
অপরদিকে তীব্র নাব্যতা সংকটের কারণে এ রুটের ফেরিগুলো স্বাভাবিক ধারণ ক্ষমতায়ও নদী পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় নিচ্ছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কাওড়াকান্দি পাড় কমিটির এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি লঞ্চের জন্য মাওয়া- কাওরাকান্দি বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য মাসিক দুই শ' টাকা করে নেন।
মাওয়া ও কাওরাকান্দি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হেসেন ও শ্রমিকরা বলেন, অবৈধ নৌযান ঠেকানো বন্দর কর্মকর্তার কাজ। তার (বাবুলাল বৈদ্য) ব্যাপক অনিয়মের কারণেই এ রুটে ট্রলারসহ সকল অবৈধ নৌযান চলছে অতিরিক্তি যাত্রী নিয়ে।
এ ব্যাপারে বাবুলাল বৈদ্য বলেন, "আমি কোনো নৌযান থেকে টাকা নেই না। তবে জনবল সংকটের কারণে আর স্থানীয়দের হামলার ভয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারি না।
"শিগগিরই ট্রলারগুলো বন্ধ করা উচিৎ। ওভারলোডিং ঠেকাতে আমি উভয় পাড়ের প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।"
কাওড়াকাকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারি বলেন, ঈদের সময় যাত্রীদের প্রচুর চাপ থাকে। তবু ওভারলোড ঠেকাতে সময় কমিয়ে লঞ্চের ট্রিপ বাড়ানো হয়েছে।
শিবচর থানার ওসি আব্দুল জলিল বলেন, "যেকোনো ধরনের দুর্ভোগ ঠেকাতে পর্যাপ্ত ফোর্স ও পুলিশ কর্মকর্তা ঘাট এলাকায় মোতায়েন রয়েছে। যাত্রীর তুলনায় এ রুটে নৌযান অনেক কম।
"আমরা এ রুটে বৈধ নৌযান বাড়াতে নৌ মন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24