সাভার, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের কলমা এলাকায় শনিবার একটি শিশু (৮) ধর্ষণের শিকার হয়েছে।
পরে স্থানীয়রা শালিস বৈঠকে ধর্ষককে মারধর ও জরিমানা করে বিষয়টির মীমাংসা করেন।
শিশুটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে কলমা এলাকার পলাশ চক্রবর্তী (২৫) তার মেয়েকে কৌশলে বাড়ির পাশের ডেইরি ফার্মের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে ডেইরি ফার্মের নিরাপত্তারক্ষীরা এসে পলাশকে আটক করে।
তিনি বলেন, দুপুরে কলমা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় মাতব্বর নাসির উদ্দিন, শহীদ, সেলিম, আবুল হোসেন ও নুর ইসলাম এক শালিসি বৈঠকে পলাশকে লাঠিপেটা ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
মাতব্বর আবুল হোসেন বলেন, পলাশকে ১০ হাজার টাকা জরিমানা ও প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে।
জরিমানার ১০ হাজার টাকা আগামী মঙ্গলবার পরিশোধ করা হবে বলে তিনি জানান।
পলাশের স্ত্রী রাধিকা রানী সাংবাদিকদের বলেন, তার স্বামীর এমন চরিত্রের কথা তার জানা ছিল না।
তিনি এ ঘটনায় তার স্বামীর শাস্তি দাবি করেন।
সাভার থানার ওসি নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমি আগে শুনিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.
bdnews24