সিরাজগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মসজিদের সীমানা ও খাস-পুকুরের দখল নিয়ে শনিবার সিরাজগঞ্জে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের সেনপাড়া গ্রামে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এদের পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলার গ্রামসোনাই গ্রামে খাস-পুকুরের দখল নিয়ে দুদলের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে দুজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সেনপাড়া গ্রামের মসজিদের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একই এলাকার মোখছেদের সঙ্গে মসজিদ সংলগ্ন সেলিমের বিরোধ চলছিল।
এর জের ধরে সকালে মোখছেদ ও তার লোকজন সেলিমকে বেধড়ক পেটায়। এ সময় সেলিমের আত্মীয়-স্বজন এগিয়ে এলেও তাদেরকেও মারধর করে তারা।
এ ঘটনায় আহতদের মধ্যে আছেন- সেলিম (২৭), তার স্ত্রী হোসনে আরা (২২), ভাসুর দিলশাদ (৩০), মোখলেছ (২৫), মিন্টু (২২), শিল্পী (৩৫) ও বেলা খাতুন (২৬)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী সাংবাদিকদের জানান, মসজিদের জায়গা নিয়ে এর আগেও কয়েকবার গণ্ডগোল হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
দুপুর ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার গ্রামসোনাই গ্রামে খাস-পুকুরের দখল নিয়ে একই এলাকার রশিদ ও মোসলেম গ্র"পের মধ্যে সংঘর্ষ বাধে।
উভয় দলই ফালা, বল্লম, লাঠি-সোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে রশিদ গ্র"পের হাবুল (২৭) ও আইয়ুব আলীসহ (৩৪) কমপক্ষে পাঁচজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বলাই সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাস জমি ও সরকারি পুকুরের ইজারা ও দখল এর আগেও দুগ্র"পের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
আহত হাবুল ও আইয়ুবকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24